গ্রাহাম মুর
বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ব্যক্তিত্ব
গ্রাহাম মুর নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার ঔপন্যাসিক ও অ্যাকাডেমি পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা। তার লেখা প্রথম দুটি উপন্যাস দ্য লাস্ট ডেজ অভ নাইট (২০১৬) ও দ্য শার্লকিয়ান (২০১০) বিশ্বের ২৪টি দেশে প্রকাশিত হয়েছে, অনূদিত হয়েছে মোট ১৯টি ভাষায়। এর মধ্যে দ্য শার্লকিয়ান সেরা প্রথম উপন্যাস হিসেবে অ্যান্টনি অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হয়েছিল। দ্য লাস্ট ডেজ অভ নাইট উপন্যাসটিকে অন্যতম বর্ষসেরা বই হিসেবে বেছে নিয়েছিল ওয়াশিংটন পোস্ট ও ফিলাডেলফিয়া ইনকোয়ারার। ২০১৪ সালে দি ইমিটেশন গেম সিনেমার চিত্রনাট্য লিখে অ্যাকাডেমি, ডব্লিউজিএ ও পেন অ্যাওয়ার্ড জেতেন তিনি। পাশাপাশি বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিল তার সেই কাজ। ২০২২ সালে দি আউটফিট ছবির হাত ধরে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ। ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড-এ মনোনয়ন পাওয়ার পাশাপাশি হিউস্টন ক্রনিকল-এর বিচারে বছরের সেরা দশ সিনেমার তালিকাতেও জায়গা করে নেয় সেটি। সম্প্রতি এফটিএক্স ক্রিপ্টো এক্সচেঞ্জের পতনের ওপর ভিত্তি করে দি অলট্রুইস্টস নামে একটি লিমিটেড সিরিজ তৈরি করেছেন গ্রাহাম। সেটি এখন খুব শিগগিরই নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় আছে। স্ত্রী ও ছেলেদের নিয়ে লস অ্যাঞ্জেলসের বাস করেন এই লেখক-পরিচালক।
